খোকার কাক

বলনু ডেকে বলতো খোকা
দেখতে কেমন মোদের দেশের কাক?
চাইলে ক্ষণিক ভাবতে পারিস
চুপটি থেকে দরজা রেখে ফাঁক!
বললো আমি সবই জানি
কও তো আবার লাগবে কেন দেখা!
কাউয়া সে তো সবুজ কালার
গলায় আঁকা চিরল চিরল রেখা।
পায়ের পাতা খুব খয়েরী
পুচ্ছ গোছা লম্বা সটান বেশ,
থাকতে পারে কিন্তু কারো
হঠাৎ মাথে লম্বা ক’টা কেশ।
চোখ অনেকটা গোল্লা গোল্লা
হিজল গাছেই রোজ করে ঘুর ঘুর,
ডাক দিলে সেই এত্তো ঝরে
দু’ঠোঁট থেকে মেরুণ কালার সুর।
শুধাই শুনে বলিস কি রে
পশ্চিমে কি আজ উঠেছে রবি?
বললো মেলে ড্রয়িং খাতা
এইটা কি কও, টিয়ার ভাবো ছবি!
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
মোট পড়েছেনঃ ৩০১জনআজ পড়েছেনঃ ০জন


৮টি মন্তব্য
চমৎকার ছড়া। শুভ কামনা রইলো।
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
চমৎকার, ভালো লাগলো খুব,
ভালো থাকবেন শুভ কামনা /
অশেষ ধন্যবাদ ও শুভ কামনা রইল!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
বেশ ছন্দময় ছড়া পাঠে মুগ্ধতা কবি দা
ভাল থাকবেন————-
নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা জানবেন কবি দা!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
বোকা খোকাকে নিয়ে লেখা আপনার ছন্দগুলো সত্যিই বেশ চমৎকার…………শুভ কামনা জানিয়ে গেলাম ভাই।
অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!