লাইক এন্ড লাইকারস (একটি রম্য রচনা)
ফেইসবুকে মূলত পাঁচ ধরনের লাইকার (Liker) রহিয়াছে। দীর্ঘ দশ বৎসর যাবত ফেইসবুক ব্যবহার করিতে করিতে আমি ইহাই অনুধাবন করিলাম। অবশ্য আমার চিন্তা-চেতনার সহিত অন্য কাহারো চিন্তা চেতনার অমিল হইতেই পারে। তবে অমিল হওয়াটা জাতীয় কোনও সমস্যার মধ্যে যে পরিবে না এইকথা নিঃসন্দেহেই বলা যায়।
এইবার চলুন মূল প্রসঙ্গের দিকে আগাই। বিষয়বস্তু ছিল “লাইকার” লইয়া। প্রশ্ন আসিতেই পারে, “লাইকার” কাহাকে বলে? এই ক্ষেত্রে বিভিন্ন মানুষের অভিমত কিংবা সংজ্ঞা বিভিন্ন হইলেও, আমি একান্তই আমার নিজের মতো করিয়া সংক্ষেপে একটা সংজ্ঞা দাঁড় করিয়াছি। সংজ্ঞাটা নিম্নরুপঃ
“যাহারা বিষয়বস্তু পড়িয়া কিংবা না পড়িয়া, বুঝিয়া কিংবা না বুঝিয়া, সজ্ঞানে কিংবা অবচেতন মনে, ভুলে কিংবা স্ব-ইচ্ছায়, নিজস্বার্থ জনিত কারনে কিংবা লাইক বিনিময়ের কৌশল হিসাবে, অবজ্ঞার ছলে কিংবা অভ্যাসের বলে, মানব হস্তের আঙ্গুলি দিয়া কিংবা কম্পিউটার এর কার্সর দিয়া মানব হস্তের বৃদ্ধাঙ্গুলি চিহ্নিত স্থানে স্পর্শ করে কিংবা ক্লিক করে তাহাকে লাইকার বলে”।
এইবার আসুন লাইকার এর প্রকারভেদ লইয়া খানিকটা আলোচনা করি। উপরোক্ত সংজ্ঞা হইতে আমি লাইকারকে ৫টি (পাঁচ) শ্রেণীতে বিভক্ত করিয়াছি। নিম্নে সংক্ষেপে উহাদের বর্ণনা করা হইলঃ
১। বেহুদা লাইকার (Useless Liker): এইরূপ লাইকাররা ফেইসবুকে পোস্ট করা কোনও কিছু না পড়িয়া কিংবা না বুঝিয়া অনেকটা অযথাই লাইক দেয়। উদাহরণঃ দেখা গেলো ফেইসবুকে কেউ কোনও শোক সংবাদ পোস্ট করিল। বেহুদা লাইকাররা ইহাতে লাইক দিবে। তাহাদের এইরূপ লাইক দেখিলে মনে হয়, তাহারা উক্ত শোক সংবাদে ব্যাপক খুশী হইয়াছে এবং উক্ত সংবাদটি তাহারা সানন্দে সমর্থন করিয়াছে।
২। পাইকারি লাইকার (Wholesale Liker): এইরূপ লাইকাররা অবচেতন মনে কিংবা ভুলে অথবা অভ্যাসের নিমিত্তে যেকোনো পোস্টে লাইক দেয়। উদাহরণঃ ফেইসবুক নিউজ ফিডে বহু ধরণের পোস্ট থাকিতেই পারে। পাইকারি লাইকাররা তাহাদের নিজ নিজ ফেইসবুক অ্যাকাউন্টে প্রবেশ করিতে না করিতেই অন্যদের পোস্ট করা প্রতিটি পোস্টে গণহারে লাইক মারা শুরু করে। মূলত এইরূপ লাইকাররা ঘুম হইতে জাগ্রত হইয়াই ফেইসবুকে চোখ বুলায়।
৩। বিনিময় লাইকার (Exchange Liker): এইরূপ লাইকাররা পোস্ট করা কোনও কিছুতে বুঝিয়া কিংবা না বুঝিয়া, পড়িয়া কিংবা না পড়িয়া লাইক দেয়। লাইক দিয়া অন্যেকে খুশী করিয়ে চায়। তাহারা মূলত বিনিময় প্রথায় বিশ্বাসী। তবে বিনিময়ের একটু ঘাটতি দেখা দিলে তথা স্বার্থে খানিকটা টান পরিলে তাহারা বেশ কষ্ট পায়। উদাহরণঃ করিম ফেইসবুকে যাহাই পোস্ট করে, রহিম তাহাতেই লাইক দেয়। কিন্তু রহিম যাহাই পোস্ট করে, করিম তাহার সবগুলোতে লাইক দেয় না। ইহাতে রহিম কিঞ্চিৎ চোট পায় দিলে। বিনিময় লাইকাররা ভাবে, “যত বেশী লাইক মারিব ততো বেশী লাইক নিজেও পাইব”। এক্ষেত্রে রহিম একজন বিনিময় লাইকার।
৪। আদর্শ লাইকার (Ideal Liker): এইরূপ লাইকাররা ফেইসবুকের পোস্ট সমূহ উত্তমরূপে অনুধাবন করে (পড়িয়া এবং বুঝিয়া) অতঃপর পোস্ট সমুহে লাইক প্রদান করে। যথাস্থানে যথাযথভাবে লাইক প্রদান করা তাহাদের একটি মূল বৈশিষ্ট্য। তাহারা ব্যক্তির চাইতে ব্যক্তির পোস্ট করা বিষয়বস্তুকে বেশীঅগ্রাধিকার দেয়। উদাহরণঃ উপরের উদাহরণে বর্ণিত রহিম এবং করিমের কথাই বিবেচনা করা যাক। করিম ফেইসবুকে যাহাই পোস্ট করে, রহিম তাহাতেই লাইক দেয়। কিন্তু রহিম যাহাই পোস্ট করে, করিম তাহার সবগুলোতে লাইক দেয় না। করিমের কাছে যাহা বস্তুনিষ্ঠ বলিয়া মনে হয়, করিম শুধুমাত্র তাহাতেই লাইক দেয়। এক্ষেত্রে করিম একজন আদর্শ লাইকার।
৫। মিশ্র লাইকার (Mixed Liker): এইরূপ লাইকাররা মিশ্র বৈশিষ্ট্যের অধিকারী হয়। অর্থাৎ উপরের সবগুলা লাইকারের বৈশিষ্ট্য মিশ্রিত লাইকারকেই মিশ্র লাইকার বলে। তবে এরূপ লাইকাররা তাহাদের মনের খেয়াল খুশী মতো লাইক দেয়। নিজের খেয়াল খুশীকে প্রাধান্য দেওয়া তাহাদের একটি অন্যতম বৈশিষ্ট্য। ইচ্ছা হইলে লাইক দিবে, ইচ্ছা না হইলে দিবে না। কখনও কখনও তাহারা বেশ ভাব লইয়া থাকিতেও পছন্দ করে। উদাহরণঃ লালু ও বুলু দুজনেই বেশ ভাল লিখে। লালুর প্রতিটি লেখা বুলু পড়ে এবং ভাল লাগলে লাইক দেয়। কিন্তু বুলুর প্রতিটি লেখা লালুর ভাল লাগলেও লালু তাহার সবগুলাতে লাইক দেয় না। মাঝেমধ্যে কিঞ্চিৎ ভাব লইয়া থাকে লালু। এক্ষেত্রে লালু একজন মিশ্র লাইকার। মিশ্র লাইকাররা সাধারণত অধিক রাত অবধি ফেইসবুকে অবস্থান করে।
পরিশেষে যাহা বলিতে চাই তাহা হইল, লাইকার লইয়া আমার এহেন চিন্তাধারা কাহারও মনে আঘাত সৃষ্টি করিলে আমি দুঃখিত।




৩২টি মন্তব্য
একবার আমি প্রায় চল্লিশ লাইনের একটা সমসাময়িক টপিক নিয়ে পোষ্ট দিলাম।
স্বভাবতই পোষ্ট দেয়ার পর আমি বানানগুলি আর একবার চেক করি।
তো আট লাইনের মতো পড়া শেষ হতেই পর পর দুইটা কমেন্ট,
১। সহমত
২। লাইক ইট ( ষ্টিকার )
অবাক হয়ে ভাবলাম, নিজের লিখা নিজে আট লাইন পড়তে পড়তে একজন পাঠক চল্লিশ লাইন পড়া শেষ করে সহমত দিয়ে দিলেন।
তিনি “বিশ্ব পাঠক পর্যায়ে নোবেল পাওয়ার যোগ্য”
আমি অনতিবিলম্বে একটা অনাকাঙ্খিত ব্লক অপশনের ব্যাবহার করি।
আপনার পোষ্ট চমকপ্রদ, সত্য নির্ভর।
ভালো লেগেছে আপনার টপিক।
অনেক অনেক ধন্যবাদ আর ভালবাসা রইলো এতো সুন্দর আর মজার মন্তব্যের জন্য।
শুভেচ্ছা রুমন ভাই
Hahaha absolutely right brother
দাদা চল্লিশ লাইন পড়তে আমার অনেক সময় লেগেযায়, কিন্তু উনি তো চল্লিশ সেকেন্ড এ পরে মন্তব্য দিলে, সত্যি দাদা
তিনি “বিশ্ব পাঠক পর্যায়ে নোবেল পাওয়ার যোগ্য”
ধন্যবাদ দাদা।
অনন্য অর্ণব এবং সঞ্জয় মালাকার দুই ভাইকে অশেষ শুভেচ্ছা।
🌹🌹🌹🌹🌹🌹
ভালোই দিলেন। তবে সংজ্ঞা টা জোশ হইছে।
হা হা হা। ধন্যবাদ অর্ণব ভাই।
আপনাকে তো বিশেষজ্ঞ মানতে ইচ্ছে হচ্ছে।
তবে আমি ফেসবুক জানি না।
ফেইসবুক ব্যবহারে দশ বছরের অভিজ্ঞতা আছে আমার। হা হা হা।
বেহুদা লাইকার
পাইকারি লাইকার
বিনিময় লাইকার
আদর্শ লাইকার
মিশ্র লাইকার
বিষেজ্ঞ ব্রাদার এতো বুদ্ধি লইয়া ঘুমান কেমনে।
ভাল লাগল।
ভাই রাতে এমনিতেই ঘুম কম হয়। ঘুমের ওষুধেও কাজ করে না। যদিও ডাক্তারের পরামর্শেই সেবন করছি। এদিকে উচ্চ রক্তচাপ এর সমস্যা তো আছেই। নিয়মিত ওষুধ খেতে হয়। দোয়া করবেন ভাই আমার জন্য। ধন্যবাদ মনির ভাই।
অবশ্যই দোয়া রইল। ভাল থাকবেন।
হা হা হা হা হা হা হা হা হা হা হা
আমি তাহার ভাষ্যমতে পাইকারি লাইকার
কিন্তু বিশ্বাস করুন পড়ে পছন্দ হলেই লাইক দেই।আমার উনি এটা মানতে ভীষণ নারাজ।
হা হা হা হা
অর্ধেকটা এখন পড়লাম……….
বাকি অর্ধেকটা পড়ে মূল মন্তব্য শেয়ার করতে আবার আসবো নে।
পুরোটা পড়া হয়েছে এখন?
লাইকার বিশ্লেষণ ভাল লাগলো।
ধন্যবাদ নজরুল ভাই।
আমার তো হাসিতে পেট ফাটতেছে।
লেখার সময় আমারও বেশ হাসি পেয়েছিল। ধন্যবাদ।
দারুন বিশ্লেষন ধর্মী পোষ্ট,
জুকারবার্গ এর উচিৎ এই পোষ্টকে ফেবুর নোবেল দেয়া।
পর্যবেক্ষন সঠিক, আমি মনে হয় সবগুলোতেই আছি,
বিনিময় প্রথা ব্যাতিত 🙂
আপনাকে কি তাহলে মিশ্র লাইকার বলা যাবে? যদিও বিনিময় প্রথা আপনার মধ্যে নেই। অনেক ধন্যবাদ ভাই এতো সুন্দর মন্তব্যের জন্য।
জানতে পারলাম লাইকার দের বিষয়ে। অনেকেই আছেন একটি ভিডিও পোস্ট এর সাথে সাথে লাইক দেন অথচ ভিডিওটি ২/৩ মিনিটের। মারা যাওয়ার খবরে বা অসুস্থতার খবরেও কিছু মানুষ দেন। আসলে সবাইকে নিয়েই এগিয়ে যেতে হবে। ভূল করতে করতে সবাই একদিন শিখবে।
ঠিক বলেছেন। ধন্যবাদ।
লাইকার সমাচার ভালো লেগেছে।
বাস্তব ভিত্তিক পর্যালোচনা।
ধন্যবাদ ভাই।
লাইক এন লাইকার! ভালো বিশ্লেষণ!
ধন্যবাদ
দাদা জানতে পারলাম লাইকার দের বিষয়ে।
পড়ে ভালো লাগলো খুব
ধন্যবাদ সঞ্জয় দা।