মূল লেখায় যান

উপন্যাসের নারীরা

সুপর্ণা ফাল্গুনীকবিতা২৮টি মন্তব্য

সমরেশের মাধবীলতারা কি আজো-
এক রাতের ফসল সারাজীবন সঙ্গী করে নেয়?
দীপাবলীরা কি আজো-
চা-বাগানে সাধারণে অসাধারণ হয়ে উঠে?
শরৎবাবুর ভারতীরা আজো কি-
শ্রমিকদের জীবনের উন্নয়ন,মান নিয়ে ভাবে?
সমাজের কদর্য নিয়ম-নীতি ভেঙে-
পুনরুজ্জাগরণের ‘পরিণীতা’ হয়ে ওঠে
আজকের কোনো শিক্ষিত নারী?

সুনীলের সোনালীরা আজো কি-
স্বামীর বিশ্বাসের জন্য অগ্নিপরীক্ষা দেয়?
শান্তনুর ঝর্ণারা কি আজো শান্তনুদের মৃত্যুর পরও-
তাদের স্মৃতি রোমন্থন করে বেড়ায়?
বিভূতিভূষণের দূর্গারা কি আজো-
অজপাড়া গাঁয়ে বেদনাক্রান্ত মৃত্যুকে বরণ করে নেয়?
কপিলারা কি আজো দূর্বোধ্যতা ও রহস্যময়ের আলো-আঁধারিতে:
কুবেরদের দাম্পত্য ছিন্ন করে অজানায় পাড়ি দেয়?
মানিকদার শ্যামারা কি আজো-
স্বামী-সন্তানের সুখের জন্য সর্বস্ব বিলিয়ে দেয়?
শীর্ষেন্দুর রেমিরা কি শত অবজ্ঞা,অবহেলা সহ্য করে-
আজো ধ্রুবদের ভালোবাসে অনন্তকাল?

রবিঠাকুরের লাবণ্যরা কি আজো-
হৃদয়ের গভীরে অনুভূতিকে লুকিয়ে রাখে?
পাহাড়ের আত্নবিশ্বাসী হৈমন্তীরা কি-
যৌতুকের বলি হয়ে আজো অকালে ঝরে যায় ?
নজরুলের রুবিরা কি আজো-
ক্ষুধা, দারিদ্রতা, দূর্ভিক্ষের কবলে ধর্মান্তরিত হয়?
রাক্ষুসীরা আজো কি যাতনা, হাহাকারে জর্জরিত হয়ে-
প্রাণপ্রিয় সোয়ামিকে হত্যা করে?
জীবনানন্দের সুরঞ্জনারা কি আজো যুবকের সাথে কথা বলে?

মোট পড়েছেনঃ ১০৭৩জনআজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. “রবিঠাকুরের লাবণ্যরা কি আজো-
    হৃদয়ের গভীরে অনুভূতিকে লুকিয়ে রাখে?”
    অসাধারন এ প্রশ্নের মেলে না উত্তর
    যতক্ষন না খোলে মুখ আপুমনির দোষর।

    শুভ কামনা।

  2. কবি লেখকদের লেখায় আর বর্তমান যুগে নারীদের অনেক ফারাক বিদ্যমান। আপনার জিজ্ঞাসু লেখনীতে আমারও জানতে ইচ্ছে করে সেসব প্রশ্নের উত্তর!!

    কঠিন কাজ করে ফেললেন আপু!! ধন্যবাদ আপনার প্রাপ্য।

    1. ধন্যবাদ ভাইয়া। হুম একসময়ে খুব বইয়ের পোকা ছিলাম। গল্প, উপন্যাস শেষ না হওয়া পর্যন্ত শেষ করার আকাঙ্ক্ষায় কাটতো মন। ঠিক সব প্রশ্নের উত্তর মেলে না একজীবনের। ভালো থাকুন সুস্থ থাকুন শুভ কামনা রইলো

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।