মূল লেখায় যান

তুমি তো আমার নও-

সুপর্ণা ফাল্গুনীকবিতা২৬টি মন্তব্য

এই তুমি তো আমার নও-
তবুও তোমাকে পাবার ব্যাকুলতায়
হৃদয়ে কামনার অনল-শিখা জ্বলছে অবিরাম।

তুমি তো আমার নও-
তবুও ভালোবাসার জিয়ন-কাঠি তোমাতেই তীরবিদ্ধ।
দাবানলে অঙ্গার তনু-মন;
দিবানিশি পুড়ছে পতঙ্গের অনুরূপ।
হিম-শীতল পৌষে উষ্ণতার চাদরে;
আম্র-মুকুলের মাদকতায় আবেশিত,নিঃশেষিত
আমিত্ব খুঁজি তোমার আলিঙ্গনে।

তুমি তো আমার নও-
তবুও আমি তোমাতেই বিমোহিত, দলিত।
বিরস বদনে বিরহের সুর-মূর্ছনায় উদ্বেলিত ,
উৎকন্ঠিত পথহারা পথিক;
তোমাতেই খুঁজে হারানো পথের দিশা।
ধূম্র মায়াজালে বিভোর আমি-
নিয়মের,পরাধীনতার শিকল ভেঙ্গে
তোমাতেই কামনার বাসর গড়ি।

জানি তুমি আমার নও-
তবুও তোমাতেই আকন্ঠ ডুবে থাকি অষ্টপ্রহর।
মন পবনের ময়ূরপঙ্খী নাও-
স্রোতস্বিনী মন-যমুনায় নোঙর
করে তোমারি অপেক্ষায়।
সাঁঝবেলাতে সান্ধ্য-প্রদীপ করতলে;
খুঁজি তোমার চরণদ্বয় দেবতার আসনে।

তুমি তো আমার নও-
তবুও তোমার বুক পাঁজরে
মুক্তোর আবেশে ঝিনুকের আচ্ছাদনে-
জলতরঙ্গে খেলি জলকেলি ।
অধরে বাঁধভাঙা জোয়ারে,
দুর্বার আকর্ষণে কর্ষিত কামনার আকুলতা।
কাব্যকথার শব্দ-চয়নে,গানের স্বরলিপিতে, সুরের রাগিনীতে
তোমাতেই সাধি জীবনের জয়গান।
বেলা-অবেলায় মান-অভিমানের
ভেলায় ভেসে তোমাতেই ভিটেমাটি।

জানি তুমি আমার নও-
তবুও তোমাতেই করেছি সমাধি-ক্ষেত্র।

মোট পড়েছেনঃ ৯২৭জনআজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. “তুমি তো আমার নও-
    তবুও আমি তোমাতেই বিমোহিত, দলিত।
    বিরস বদনে বিরহের সুর-মূর্ছনায় উদ্বেলিত ,“

    বিরহের করুন সুর বাজে কর্ণ কুহুরে !
    ধীরে বন্ধু ধীরে !
    অসাধারণ ! শুভ কামনা

  2. দুর্বার আকর্ষণে কর্ষিত কামনার আকুলতা।
    কাব্যকথার শব্দ-চয়নে,গানের স্বরলিপিতে, সুরের রাগিনীতে
    তোমাতেই সাধি জীবনের জয়গান।
    চমৎকার। খুব ভালো লাগলো আপু।
    শুভসন্ধ্যা।

  3. আমার নও এই শব্দ যেন বুকে এসে কাঁটার মতন বাধলো।
    খাঁটি প্রেম, খাঁটি ভালোবাসার একটা মনমাতানো কবিতা পড়লাম!
    আপনাকে অশেষ ধন্যবাদ ও শুভ কামনা /

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।