মূল লেখায় যান

আকস্মিক প্রশ্নে অপ্রস্তুত

সুরাইয়া পারভীনএকান্ত অনুভূতি২০টি মন্তব্য

 

রোজ বিকেলে নিয়ম করে বাইরে বের হয়ে জনমানব মুখরিত মাঠ ঘাট রাস্তা উপেক্ষা করে প্রকৃতির নির্মল বাতাসের স্পর্শে অন্যরকম এক ভালোলাগায় একা ভেসে যেতেই মূলত হাঁটতে যাওয়া হয়। গুনে গুনে ষাট মিনিট অর্থাৎ একটা ঘন্টা প্রকৃতির সান্নিধ্যে মিলে মিশে একাকার হয়ে যাই। হাঁটতে হাঁটতে কতোকিছুই চোখে পড়ে। রোজ বের হলেও আমার ড্রেস থাকে আলাদা। কখনো বোরখা কখনো সালোয়ার-কামিজ আবার কখন গাউন। মুখে তো মাস্ক থাকেই। তাই বিশেষ ভাবে লক্ষ্য না করলে বোঝা মুস্কিল আমিও রোজ বের হয়।

বলছিলাম না কতো কিছু চোখে পড়ে! তার মধ্যে একটা ঘটনা আমার কাছে বেশ মজার লাগে। একটা ছেলে মানুষ বয়সে আমার চেয়ে হয়তো একটু বড়ই হবে। তো উনাকে রোজ দেখি খাবার খেতে খেতে হাঁটতে। কখনো ছোলা ভাজা কখন মটরকালাই কখনো বারোমিশালি। একদম ছোট বাচ্চাদের মতো। সত্যিই বলছি উনাকে দেখলে আমার বেশ হাসি পায়। প্রত্যেকদিন একই রকমভাবে হাঁটেন তিনি। আজ উনাকে আমার চোখে পড়েনি। আমি বেশ অন্যমনস্ক হয়েই হাঁটছিলাম। হঠাৎ একটা কন্ঠস্বর শুনে চমকে উঠলাম তারপর ঘুরে দাঁড়ালাম। এমা এতো সেই ছেলেটি। আজ অবশ্য হাতে কিছু নেই। প্রস্তুত ছিলাম না তবুও আকস্মিক এমন প্রশ্নে রীতিমতো ঘাবড়ে গিয়েছিলাম। প্রশ্ন করলেন

-আপু আপনার কী সুগার আছে?
~নাহ্
-তাইলে কিসের জন্য রোজ হাঁটেন?
আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই নিজেই বললেন…
-এমনিই হাঁটেন তাই না! এই হাঁটতে আসা মানুষ গুলো দেখেছেন তাদের অধিকাংশই এমনি এমনি হাঁটতে আসেন আপনার মতো।
আমি কি বলবো ভেবে না পেয়েই হুট করে বলে দিলাম
~ফিট থাকতে হবে তো
পাশাপাশি হাঁটছি। অনুভব করলাম উনি হাসলেন। তারপর দ্রুত পা চালিয়ে সামনে চলে গেলেন এবং আর একজনকে প্রশ্ন করলেন আন্টি আপনার হাঁটা শেষ?

মোট পড়েছেনঃ ১১৬৬জনআজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. বাহ্ মজার ছিল। সুগার থাকলেই হাঁটে এটা সবাই কমবেশি ভাবে। অনেকে যে ফিট থাকতে হাঁটে এটা মাথায় রাখে না। শারদীয় শুভেচ্ছা ও শুভকামনা রইলো

  2. বাহ! দারুন ব্যাপার কিন্তু।
    প্রতিদিন একজনকে দেখতে অভ্যস্থ হয়ে যাই আমরা আসলে। তাকে না দেখলে খুঁজি আমরা নিজের অজান্তেই।
    ছেলেটি বেশ মজারু মনে হচ্ছে। আপনাকে জিজ্ঞেস করেছে, হঠাৎ তাই অপ্রস্তুত হওয়া স্বাভাবিক।
    ভালো লেগেছে লেখাটি।
    শুভ কামনা।

  3. কিছু লোক এমনই কৌতুহলী স্বভাবের। কতো বিচিত্র মানুষ যে আছে!
    সুগার হওয়ার আগেই হাটতে হবে অবশ্যই ফিট থাকার জন্য।
    সবসময় ফিট থাকুন শুভকামনা রইল

    1. আমি রীতিমতো বিস্মিত হয়ে গিয়েছিলাম আপু আকস্মিক এমন প্রশ্নে। কেউ কাউকে এমন প্রশ্ন করতে পারে তা ভাবনায় আসেনি। হয়তো খুব সহজ সরল তাই ওমন প্রশ্ন করতে পেরেছে। কৃতজ্ঞতা জানাই আপু
      ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়

  4. কিছু সময় আকস্মিক প্রশ্নে বিরম্বনা সম্মুখীন হতে হয় । অথচ আমরা না জেনেই অনেক সময় হঠাৎ এরকম প্রশ্ন করে বসি। একজন মানুষ স্বাস্থ্য সুরক্ষা মানছে সেটাতেও তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয় না। আমরা আসলে এমনি ।

    ভালো থাকুন আপু।

    1. জানি না উনি কেনো এমন প্রশ্ন করেছিলেন
      তবে আমার উনাকে বেশ হেবলা টাইপই মনে হয়
      সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া
      ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়

  5. প্রতিদিন হাটে আর খায়, এটা যে আপনি খেয়াল করেছেন সে বুঝেছে তাই, লোকটা আসলে ঘুরিয়ে ফিরিয়ে নিজের সুগার নেই এটাই বলতে চেয়েছে মনে হয় 🙂
    চলার পথে কতকিছু চোখে পড়ে আমাদের, ক’টাই-বা মনে রাখি। এমন কিছু ঘটনা আমাদের মনে থেকে যায়। হোক আকস্মিক, কিন্তু ভাবনার জগতে ভিন্নতা এনে দেয়।
    শুভ কামনা 🌹🌹

    1. হতেও পারে! হয়তো মাস্কের ভেতর থেকেও নিঃশব্দে হাসিটুকু অনুভব করতে পেরেছিলেন তাই হঠাৎ প্রশ্নে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চেয়েছিলেন। হা হা হা হা হা হা
      চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।