মূল লেখায় যান

অসম শূন্যতা

শায়লা খানকবিতা২২টি মন্তব্য

ঘুরেফিরে সেই একই জায়গায় দাঁড়িয়ে
একই প্রশ্ন উঁকি দেয় বারবার
কে আমি কোথায় আমার বাস….?
স্মৃতির আড়ালে ডুবে আছে আজ সব
আমি প্রতিদিন দেখি আমার সর্বনাশ
আজও হাতরে বেড়াই ডুবসাঁতারের দিনগুলো।

জীবনের প্রতিটি মোড়ে একটু থমকে দাঁড়াই
আর ভাবি এই চলার শেষ গন্তব্য কোথায়?
পায়ের তলায় চৌচির মরুপ্রান্তর
আকাশের পানে তাকিয়ে বৃষ্টির অপেক্ষায়
সময়ের সাথে পাল্লা দিয়ে ছুটে চলা
পারাপারের অপেক্ষায় যেমন এই আমি।

কখনো শূন্যে ভাসি শূন্যেই বাঁধি ঘর
থাকিনা আমি আমার মাঝে
শূন্যতার দহন জ্বালা কেবলই পুড়ায়,
চাওয়া-পাওয়ার ফর্দটা খুব বড় ছিলোনা
আজও তা ভাজ করাই পড়ে আছে
কালে কালে সময় গড়িয়েছে অনেক
দেনা পাওনার হিসেবগুলো কখনো মিলেনি।

তারিখ — ৪.৬.২০২০

মোট পড়েছেনঃ ১১৪৮জনআজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।