মূল লেখায় যান

অপ্সরীর ঘুমোপাখ্যান

নাজমুল হুদাকবিতা২৪টি মন্তব্য

পর্ব-১

দম্পতিরা যেদিন তাঁদের প্রেমোপাখ্যান ভুলে যাবে
যখন কেউ কাউকে কাছে আসার গল্প শুনাবে না
আমরা সেদিন ভালোবাসাহীন মরুভূমিতে যাবো।

খুনসুটিতে ভরা ঘুমোপাখ্যান খুলে পড়বো
মন মাতানো চোখ ধাঁধানো আলোতে
শান্তি সমৃদ্ধি উরুতে মাথা রেখে-
স্ব স্ব মুখ নিঃসৃত বাক্যদানে ব্যাকরণে ডুবে যাবো।

হঠাৎ মেহেদী ছোঁয়া হাতে চোখ কচলে বলবে
-ওই ঘুমাবো!
প্রতিটি শব্দের বোতাম চেপে চেপে বলে দিবো
– না! দিবো না।
আহত পাখির মতো লাল চোখে কবিতা চুষে নিবে
নাকি স্বরে, ন্যাকামো ভঙ্গিতে দ্রুতগতির প্রশ্ন তুলবে
-ওই, ক্যান দিবা না?

পর্ব -২

আলোর গহ্বরে,কথোপকথনে চলবে জাগ্রত শানে নুযুল;
ঘুমালে, খোঁপা বাঁধা চুল এলোমেলো করবো
ঘুমালে, হেঁচকা টানে এলোচুলে টেনে তুলবো
ঘুমালে, বাহুডোরে এনে বুকের জমিনে চড়াবো

কাজল চোখে অভিমানের লেলিহান শিখা গ্রাস করলেও, সেদিন করবে না।
বলবে – এখন কিন্তু রাগ করবো?
হেয়ালিতে চোখের ভিতর তলিয়ে যেতে যেতে
ভাবনাহীন বলে উঠবো- কথা বলবো না আর!
চারদিক- প্রাসাদ ঘেঁষে নিরবতা ঘনিয়ে আসবে;
থমথমে দৃশ্য ঠিক মাথা বরাবর এসে দাঁড়াবে
আকস্মিক আঙ্গুলের তাপে নিরবতা ভাঙাবে?
আধো কন্ঠে বলবে- ইস! ঘুমাতেও কী  পারবো না?
চিরন্তন ভঙ্গিতে মনে হবে গ্রাম্য আলপথের দীর্ঘ ব্যবধান
স্বল্পদৈর্ঘ্য এক অভিমানী নিঃশ্বাসে জবাব দিবো
-জানি না….!

পর্ব-৩

আবারও প্রশ্ন তুলবে, -ইস! ঘুম পাচ্ছে আর যখন তুমি ঘুমাও?
আগুন চোখে আগুন রেখে বেখেয়ালে বলবো
-তো কী ? ঘুমাবোই !
৯০ডিগ্রি জ্যামিতিক ঠোঁটে, প্রচলিত মৃদুমাখা হাসিরেখা
বলবে- যাও, সেলফিস একটা !

ব্যাকুলতায় কাঙ্ক্ষিত আলো তোমার মাঝে হারাবে;
তখন পৃথিবীর সৌন্দর্য গিলে নিবো অপ্সরীর মঞ্চে
সেদিন সেলফিস শব্দের রসালো অনুবাদ করবো
ইতিহাসের গতি টেনে কানে কানে জানান দিবো
-হ্যাঁ! খুব খুব স্বার্থপর।

পর্ব-৪

কবুতরের ডানার মতো অভিমান ঝেড়ে সমঝোতায় ঘুমাতে যাবো;
জানালার পর্দা বেয়ে আসা এক চিলতে রোদে শুনবো
ঘুম মেলার সেই ঐতিহাসিক ঘুমোপখ্যান  রটে গেছে
বলছে- বিচ্ছেদ নয়,ভালোবাসায় ভরে উঠো পৃথিবী
ডালে ডালে বসা বসন্ত শিমুলের জোড়া ফুলের মতো।

নেত্রকোণা, ময়মনসিংহ।

মোট পড়েছেনঃ ১২৭০জনআজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

  1. বিচ্ছেদ নয় ভালোবাসায় ভরে উঠুক পৃথিবী। এটা আমরা সবাই চাই।

    সোনেলা ব্লগ পরিবারে আপনাকে স্বাগতম। খুব চমৎকার লেখা নিয়ে এসেছেন। নিয়মিত লিখুন আর অন্যদেরটাও পড়ুন।

    প্রোফাইল গিয়ে নিজের একটি ছবি দিন। দেখতে ভালো লাগবে। শুভ কামনা রইলো 🌹🌹

    1. আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপু । আমি নতুন যুক্ত হলাম এবং সবার লেখা পড়ার চেষ্টা করবো।

      সাময়িকভাবে ছবি যুক্ত করতে পারছি না , ছবির মেগাবাইট বেশি হওয়ার ফলে ।

      1. আপনার লেখার হাত অত্যন্ত ভালো। নিয়মিত যখন যা খুশি লিখুন। মনে আনন্দ নিয়ে ব্লগে থাকুন। শুধু খেয়াল রাখবেন, একটা পোস্ট দেয়ার পর চব্বিশ ঘন্টা পর অন্যটি দেয়ার। এটা ব্লগের নীতি। ভালো হয় আপনি যদি সময় করে নীতিমালাটা একবার পড়ে নিলে।

  2. আপনি দেখছি দারুন সব কবিতা নিয়ে এখানে লিখতে শুরু করেছেন।
    আপনি ভাল লেখেন, যা প্রথম পড়াতেই অনুভব করছি।
    লিখুন লিখুন মনের আনন্দে, আমরা আপনাকে পড়বো।
    স্বাগত আপনি এখানে।

  3. কবুতরের ডানার মতো অভিমান ঝেড়ে সমঝোতায় ঘুমাতে যাবো;
    জানালার পর্দা বেয়ে আসা এক চিলতে রোদে শুনবো

    বুঝতে পারছি আপনার শব্দ ভান্ডার খুব মজবুত।স্বাগতম।প্রথম লেখাতে এতো সুন্দর কবিতা নিয়ে এলেন।অভিনন্দন আপনাকে।ব্লগে একেবারে নীচে নীতিমলা আছে।পড়ে থাকলে ধন্যবাদ তা না হলে একটু কষ্ট করে পড়ে নিবেন।আবারো স্বগতম সোনেলা পরিবারে।

  4. সোনেলার সোনালী উঠোনে স্বাগতম আপনাকে কবি।
    প্রথম কবিতাতেই আপনি বুঝিয়ে দিলেন আপনার লেখনি কত উচ্চমানের। সোনেলা একজন ভালো উচু মানের কবি পেল।

    নিয়মিত লেখুন, অন্যদের লেখাও পড়ুন।
    শুভ কামনা।

  5. বিচ্ছেদ নয়,ভালোবাসায় ভরে উঠো পৃথিবী
    ডালে ডালে বসা বসন্ত শিমুলের জোড়া ফুলের মতো।

    আমাদের মতো পাখিদের সংসারেও সময়সময় ঝগড়াঝাঁটি হয়। তাই আমাদের মতো ওরা সংসার ধ্বংস করে না, বিচ্ছেদের মতো এমন অঘটনও ঘটায় না।
    লেখককে শুভেচ্ছা।