মূল লেখায় যান

ফিরব আবার

রোকসানা খন্দকার রুকুএকান্ত অনুভূতি২১টি মন্তব্য

আমি আজীবন ফিরবনা
এমন প্রতিশ্রুতিতে আসিনি,
আমি প্রতিজ্ঞাবদ্ধ ফিরব আবার শীতল মাটির পরে।

কোন এক কার্তিকে আমার আগমন
বলাবলি কতজনে, এমন অসময়ে মেয়ে
সেতো অপয়া, অনটন, দূরদর্শা।
মা মুচকি হেসেছিল,
বাবা কপালে দিয়েছিল দীর্ঘ চুম্বন
আমার মেয়ে, আমার অহংকার।

শীতের আগমনী ঝরাপাতা
আমার গায়ে ফুল হয়ে পরেছিল টুপটাপ,
খেতের সোনালী ফসল ঝরিয়েছিল সোনা হাসি, গোয়ালের গরু দিয়েছিল খুশির হাম্বা, বাঁশ পাতাদের আনন্দে শনশন, শীত মারিয়ে- তারিয়ে সোনারোদ বলেছিল অভিনন্দন, শুভাগমন, শুভেচ্ছা মেয়ে তোমায়।

আবার এমনি এক দিনেই হয়ত ফিরব,
সেদিন শীতের ঝরাপাতা কান্না হয়ে ঝরবে
গোয়ালের গরু হাম্বা দিয়ে কাঁদবে
সোনালী ফসলের সোনা রঙ ম্লান হবে
বাঁশ পাতারা হাওয়ায় দুলে হাহাকার করবে
সূর্য অনশন ডাকবে না ওঠার
হুতোম প্যাঁচা লুকিয়ে পড়বে মগডালে
পুকুরে হাঁসের দল সাঁতার দেবেনা
কাক, কবুতর, চড়ুই বিরহে থাকবে ঠায়
মুরগীগুলো ডানাঝাপটে কাঁদবে।

লাঠি হাতে বৃদ্ধা মা দাঁড়িয়ে কাঁদবে আমার ফেরার পথে,
হাতে নিয়ে পুঁটি মাছের শিদল আর কুমড়ো ফুলের বড়া ।
বাবা একবুক নোনাজলে ভেজাবে আমার মাটি, সেখানে গজাবে নোনাজলের হরেক রকম ফুল রাশিরাশি।

পড়শীরা কানাকানি করবে
আহা! বড্ড ভালো ছিল
বলবে কেউ অগোছালো, উদাসীন, বদরাগী
বলবে কেউ- তবুও ভালো।

অবশেষে সাদা পাথরের এফিটাফে
খোদাই রবে আমিই সেই মেয়ে
অগোছালো, ব্যর্থ, যাচ্ছেতাই এক মানুষ
যার এছাড়া বিশেষ কোন ইতিহাস নেই।

মোট পড়েছেনঃ ১১৪৫জনআজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

  1. সবাইকে এভাবেই শীতল মাটির বিছানায় ফিরে যেতে হবে প্রিয়জনের লোনাজলে ভিজে। পাতারা কান্না হয়ে ঝরবে, গরু হাম্বা দিয়ে কাঁদবে, প্রকৃতি ও গুমোট হয়ে বিদায় জানাবে। এটাই একমাত্র চিরন্তন সত্যি । যদিও লেখাটা পড়ে মনটা ভারী হলো তবুও বলবো চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন তাইতো মনটা খারাপ হয়ে গেল। অগোছালো, ব্যর্থ, যাচ্ছেতাই মেয়েটাই একদিন সবাইকে কাঁদিয়ে সবার ভালোবাসা নিয়ে বিদায় নিবে । একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো

  2. এভাবেই এই অগোছালো, যাচ্ছেতাই আমি একদিন সব ছেড়ে চলে যাব, এটাই হয়ত বিধির বিধান, তাই এই বিধান খন্ডানোর ক্ষমতা আমার নেই। শীতল মাটির বিছানা অপেক্ষা করছে সবার জন্য। কবিতাটি পড়ে চোখে জল এসে গেল, এটাই তোমার লেখার স্বার্থকতা আপু। আর হ্যা তোমার এই কবিতার শব্দ প্রতিশ্রুতি নিয়েই আমার আজকের লেখা “প্রতিশ্রুতি “। এভাবে বেশি বেশি লিখবে আর আমাকে শোনাবে তাহলে আমিও শব্দ খু্ঁজে পাব আর লিখতে পারব। শুভকামনা ❤️❤️❤️।

    1. এইযে এত এত টিপস্ পাচ্ছ আমার থেকে তার তো কিছু করনা। ভাবছি আর লেখার পর শোনাবো না🤪🤪
      বেশি বেশি শোনাবো। তুমি হলে শব্দহীন লেখক। আগে নাম তারপর লেখা। আমার থেকে কিছু পাও এটা আমারও ভালো লাগে।
      শুভ কামনা রইলো।😍😍

  3. এ কবিতাটি মন্তব্যের উর্ধ্বে। ভীষণ সুন্দর মন্ত্রমুগ্ধের মতো পড়লাম। কিন্তু বন্ধু আপনার যে আমাদের ছেড়ে কোথাও যাওয়া হবেনা!

    যানে কি বাত না করো তো আচ্ছা হো!

    1. আপনাকে কবিতায় হারাবো বলে এখনই যাচ্ছিনা বুঝলেন বন্ধু😜😜 । পড়াশুনা করতে হবে অনেক কি বলেন?
      চারিদিকে মৃত্যুর খবর। মনটা ভারী হয়ে যায়।
      শুভ কামনা রইলো। শুভ সকাল😍😍

  4. আমি আজীবন ফিরবনা
    এমন প্রতিশ্রুতিতে আসিনি,
    আমি প্রতিজ্ঞাবদ্ধ ফিরব আবার শীতল মাটির পরে।
    .
    আবার ফিরব প্রকৃতিতে, মা মাটিতে!
    তার পূর্বে মেয়েটি একদিন সকলকে কাঁদিয়ে চলে যাবে। রয়ে যাবে তার অজস্র স্মৃতি।
    .
    যথার্থ উপস্থাপন, দিদি।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।