চিত্রলেখা

নয়নতারার নয়নে নয়নে সূর্য্য ভেসেছে আজ,
এমন আগুনে পুড়তে বলো কার না জাগে সাধ,
আজ বন্ধ থাকুক প্রেমের বাসর,
বন্ধ থাকুক রুটিন মেনে দিনের সকল কাজ!

জীবন যেখানে চুপ সেখানেও আকাশ থাকে,
থাকে অস্তিত্বে মৃতদের তীব্র কম্পন,
চলে যায় যারা না জানিয়ে হুট করে একদিন,
তাদের শিডিউলেও থাকে সুদীর্ঘ ভ্রমণ!

হয়তো ভাসছি সঙ্গীতের লয়ে বাতাসে ও জলে,
ছুঁয়ে আছে কয়েকটা শিশির অকারণে,
ভাবছে আমিও তাদের ভালোবাসি!
নিস্পৃহ জীবনের মাঝে স্রেফ যাই আর আসি,
হয়তো কাউকে নয় নিজেকেই ভালোবাসি!

কেই বলে তাকে জীবন্ত গতিশীল শ্বাসমূল,
কেউ বলে ‘নড়িতেছে কয়েকটি কীট’,
আগামাথা জুড়ে দিয়ে রেখেছে সময়ের গিঁট,
আদি আর অন্ত বুঝি দূরত্বহীন,
একই বিন্দুতে জীবন মৃত্যু হচ্ছে বিলীন!

বিন্দুতে জমে যায় মাঝে মাঝে মহাবিশ্ব,
মনে হয় পাখির মতো শূন্যে উড়ি ক্রমশ আবার!
বারবার বিন্দু থেকে এই অসীমের বুক চিরে যাত্রা,
আমার ভিতরে আমি! আমার বাহিরে আমি,
এতো হিসাবের মাঝে শূন্যের হয়নাতো মাত্রা!

তোমাকে ভাবতাম প্রায়ই সবুজের মন্দির,
অথচ তুমি ছিলে হৃদয়ের ক্ষ্যাপাটে সাগর,
কতো কাছে বেজেছিল সুগভীর কল্লোল!
হেডফোনে প্রতিধ্বনিত হয়ে অধরা প্রাচীর,
মাঝে মাঝে বলে গ্লাসে হচ্ছে ক্রমশ শেষ-
তৃষ্ণার জল! নোনা ঢেউ হচ্ছে প্রবল!

আজন্ম ভেবেছি আমার রং এ আমিই উজ্জ্বল,
তবু তীব্র জ্বরের ঘোরে পাই টের,
সবটুকু আলো পিছনের সীমাহীন এক দেয়ালের,
যাকে আমি ছুঁতে পারিনি কখনো!

এই যে মিশে যাওয়া ধীরে ধীরে নিঃসীম স্তব্ধতায়,
পাথরের সাথে মিশে জল হয়ে যাওয়া পুনরায়,
তোমরা জীবন বলো যাকে,
পৃথিবীর সব প্রেম থামাতে পারেনা আজো তাকে,
শুধু অন্ধকারে এক ঝাঁক নিরর্থকতাই বেঁচে থাকে!
কি তার মানে! এই সব আসা যাওয়া, দিন ও রাত,
মাটির সোঁদা গন্ধ কি তার অমূল্য উত্তর জানে!


১১টি মন্তব্য
‘নিস্পৃহ জীবনের মাঝে স্রেফ যাই আর আসি,
হয়তো কাউকে নয় নিজেকেই ভালোবাসি”! — আবেগের অপূর্ব বহিঃপ্রকাশ।
অনেক ধন্যবাদ জানবেন ব্লগার। সুস্থ থাকুন, ভালো থাকুন।
আপনাকেও ধন্যবাদ।
ছবির সাথে লেখার অপুর্ব সংযোজন। কখনো কখনো পুড়ে পুড়ে ছাই হওয়াতে আনন্দ পাওয়া যায়।
অনেক ধন্যবাদ। নতুন কিছু করার চেষ্টা করলাম খানিকটা।
ছবিব্লগ ভালো লাগছে। জীবনের প্রতিচ্ছবি
অনেক ধন্যবাদ আপু।
কাব্যপাঠ করলাম কবি দা বেশ অনুভবের প্রকাশ অনেক শুভেচ্ছা রইল
অনেক ধন্যবাদ জানবেন কবি।
ছবির সাথে মিল রেখে অসাধারণ লেখনী। চমৎকার উপস্থাপন। ভালো থেকো সুস্থ থেকো
অনেক ধন্যবাদ দিদি। নতুন ভাবে উপস্থাপনার চেষ্টা সামান্য।